Views Bangladesh Logo

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (বা সিনিয়র সচিব) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালককে উদ্দেশ করে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন এমআরটি লাইন-৬-এর পিয়ার নম্বর ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নোটিশে আরও বলা হয়, নিহত আবুল কালাম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী, দুই শিশু সন্তান ও পড়াশোনারত এক ভাই রয়েছেন, যারা তার ওপর নির্ভরশীল ছিলেন। মেট্রোরেল কর্তৃপক্ষের চরম গাফিলতি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, দুর্ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ মাত্র পাঁচ লাখ টাকা সহায়তা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ‘বাস্তবতা বিবর্জিত, সামান্য এবং অবমাননাকর’। নিহতের পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা প্রদান ও একজনকে স্থায়ী চাকরি দেয়ার দাবি জানানো হয় নোটিশে।

আইনি নোটিশে সতর্ক করা হয়, উল্লিখিত সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে মেট্রোরেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, যা রাষ্ট্রের জন্যও লজ্জাজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ