পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পুনরায় পরিবর্তনের উদ্যোগ বন্ধ এবং এ বিষয়ে গৃহীত সব প্রশাসনিক কার্যক্রম স্থগিতের অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত ডিআইজিকে (লজিস্টিকস) এ নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার নোটিশ প্রদানকারী আইনজীবী মো. শাহিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব আমাদের দেশেও পড়েছে। তাই এখনই পুলিশের পোশাক পরিবর্তনের নামে কোটি কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরকারের ফিরে আসা উচিত। নোটিশে আগের ও বর্তমান উভয় পোশাক ব্যবহারের নির্দেশনা চাওয়া হয়েছে। পরবর্তীতে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে যেকোনো একটি পোশাকে ফিরে আসা যাবে।'
মো. শাহিনুজ্জামানসহ সুপ্রিম কোর্টের আরও তিন আইনজীবী ড. সৈয়দা নাসরিন, জান্নাতুল ইসলাম পিয়া ও সালমা কুলসুম এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, ২০২৫ সালে 'পুলিশ ড্রেস রুলস' সংশোধন করে ইউনিফর্ম পরিবর্তনে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন আবার ইউনিফর্মের রং ও নকশা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে তা প্রশাসনিক অস্থিরতা, পরিকল্পনাহীনতা ও রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে। নোটিশদাতারা আরও বলেন, ইউনিফর্মের রং বদলে পুলিশ বাহিনীতে কাঙ্ক্ষিত সংস্কার আসে না; বরং পেশাদারিত্ব, মানবাধিকার চর্চা, জবাবদিহি, প্রশিক্ষণ ও সেবার মানোন্নয়নই প্রকৃত সংস্কারের পথ। দেশের বর্তমান অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও জনদুর্ভোগের সময়ে পোশাক পরিবর্তনে নতুন ব্যয় অগ্রাধিকারভিত্তিক সিদ্ধান্ত হতে পারে না বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে পাঁচ দফা দাবি জানানো হয়েছে— ইউনিফর্ম পরিবর্তনসংক্রান্ত সব প্রস্তাব, অনুমোদন, ক্রয় ও বাস্তবায়ন কার্যক্রম অবিলম্বে বন্ধ করা; এ পর্যন্ত ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করা; নতুন করে কোনো সরকারি অর্থ ব্যয় না করা; এবং বিদ্যমান মজুত পোশাক ধাপে ধাপে ব্যবহার নিশ্চিত করা।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে