Views Bangladesh Logo

মেয়র হিসেবে ইশরাককে আজকের মধ্যে শপথ পড়াতে আইনি নোটিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ২৬ মে’র মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৬ মে) ইশরাকের পক্ষে আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুসারে, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ নিতে হবে। এরইমধ্যে ২৯ দিন অতিবাহিত হয়েছে, কিন্তু শপথ পড়াতে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এর আগে গত ১৭ মে শপথের জন্য একটি চিঠি পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে ২১ মে আরেকটি আইনি নোটিশ দেয়া হলেও তাতে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

নোটিশে আরও বলা হয়, আইন অনুযায়ী ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে আজকের (২৬ মে) মধ্যে শপথ পড়াতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ বা আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন পরদিন (২ ফেব্রুয়ারি) ফলাফলের গেজেট প্রকাশ করে। এরপর তাপস শপথ নিয়ে মেয়রের দায়িত্ব পালন করেন।

ওই নির্বাচনে তাপস প্রায় সাড়ে চার লাখ ভোট পেয়েছিলেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন পান দুই লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ২০২০ সালের ৩ মার্চ ফলাফল বাতিলের দাবিতে মামলা দায়ের করেন ইশরাক।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের পদ থেকে সরিয়ে দেয়া হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।

এর মধ্যেই গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনে শেখ ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। একইসঙ্গে আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

অন্যদিকে গেজেট প্রকাশের দিন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি ইশরাককে মেয়র ঘোষণার রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন। তারা গেজেট প্রকাশ এবং ইশরাকের শপথ গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দাবি করেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ