Views Bangladesh Logo

হাসপাতালের সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: শামা ওবায়েদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালালচক্র চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হাসপাতালের রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে প্রশাসনকে দালালদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, হাসপাতাল প্রশাসনকে দালালচক্র শনাক্ত করে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে হাসপাতালের কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। একইভাবে বাইরের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না।

হাসপাতালের নিরাপত্তা জোরদারে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি উঠেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড কিংবা দালালদের কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারে। পুলিশকে দায়িত্ব দেওয়া হলে কারা কীভাবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবকাঠামো ও ব্যবস্থাপনায় বেশ কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, হাসপাতালটি এক হাজার শয্যার হলেও বাস্তবে নির্ধারিত সংখ্যক শয্যা নেই। প্রতিদিন দুই থেকে তিন হাজার পর্যন্ত রোগী আসায় চিকিৎসাসেবা দিতে চাপ তৈরি হচ্ছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, চিকিৎসা সরঞ্জাম সচল না থাকা, পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতি, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি।

হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম নিয়ে তিনি বলেন, আগের সময়ে কেনা কিছু যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। সেগুলো কীভাবে দ্রুত সচল করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নির্ধারণ করে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশন করা হবে বলেও জানান তিনি।

সভায় রোগীদের হয়রানি বন্ধ, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা সচল রাখা এবং চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দক্ষ জনবল নিয়োগ, মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ বজায় রাখার বিষয়েও আলোচনা হয়। হাসপাতালের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দালালমুক্ত পরিবেশ তৈরির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, হাসপাতালের উপপরিচালক মানস কুমার কুন্ডু, সহকারী পরিচালক মো. ওমর ফয়সাল, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ