Views Bangladesh Logo

বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা: বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের এ কর্মসূচি শুরু হলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান দাবি করেছেন, চট্টগ্রাম বন্দরের অবস্থা স্বাভাবিক।

তিনি বলেন, শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এর মধ্যে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টা থেকে তিনি কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।

এস এম মনিরুজ্জামান বলেন, বন্দরকে হাইজ্যাক করে জনগণকে জিম্মি করার জন্য কিছু বিপথগামী কর্মচারী এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারী। আমাদের আনুগত্য রাষ্ট্রের প্রতি থাকতে হবে। বন্দর যে আইনে পরিচালিত হয়, সেই আইন ও প্রতিষ্ঠানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কেউ যদি বিপথগামী হয়ে অন্য কারও আনুগত্য বেছে নেয়, তা কর্মকর্তা-কর্মচারী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থি।

তিনি আরও বলেন, যারা এসব আন্দোলন করছে, তারা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রমজানের আগে এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনমনে অসন্তোষ সৃষ্টির পরিকল্পনা করছে তারা।

এক প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, বন্দর সচল রয়েছে। আমি দুই ঘণ্টা ধরে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই কাজে যাবেন। কেউ বাধা দিলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এনসিটি পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে আলোচনা বা নেগোসিয়েশন এখনও শেষ হয়নি বলেও জানান তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আজ সকালে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে গিয়েছি। সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কোনো অবস্থাতেই নির্বাচন বিঘ্নিত হতে দেওয়া যাবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ