অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণ ছাড়া ‘মিথ্যা তথ্য’ বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগটি জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। তাদের দাবি, এ ধরনের অভিযোগের বেশিরভাগই বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে যাচাই ও নিষ্পত্তি করেছে।
বিদ্যুৎ বিভাগ বলেছে, কোনো গ্রাহক অতিরিক্ত বিলের অভিযোগ করলে প্রমাণসহ সংশ্লিষ্ট বিতরণ সংস্থার কাছে আবেদন করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা গুজব ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত তিন মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ উঠে এসেছে। অনেকেই দাবি করেছেন, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলেও বিদ্যুৎ ব্যবহারের ইউনিট অস্বাভাবিকভাবে বেড়েছে। আবার কেউ অভিযোগ করেছেন, নিয়মিত মিটারের রিডিং না নিয়ে অনুমানভিত্তিক বিল করা হয়েছে।
এ বিষয়ে গত ২ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, কেন্দ্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে বলা হয়েছে। তাঁর দাবি, অধিকাংশ অভিযোগ তদন্ত করে অতিরিক্ত বিলের অভিযোগের পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
মতামত দিন