Views Bangladesh Logo

১১টি বন্যাদুর্গত জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে দুর্গত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১১টি জেলার সব চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় বসবাসকারী মানুষের চিকিৎসাসেবা সচল রাখাকে সরকার এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

চলমান পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বন্যাদুর্গত এলাকায় এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে সফলভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে মানুষের জীবন রক্ষায় সব ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত অ্যান্টি-ভেনম সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত বন্যাকবলিত কোনো এলাকা থেকেই কলেরা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির দেওয়া সুপারিশমালার ওপর ভিত্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কিছু প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটি পুনরায় পরিদর্শন করার পর এই বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে 'সাস্টেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি দেশের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নে এক বড় ঘোষণা দিয়ে বলেন, চলতি বছরের শেষ নাগাদ দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে। এই ল্যাবগুলোর জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া চলতি মাস থেকেই শুরু হচ্ছে। এর পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব জেলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস সেবা সম্প্রসারণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ