Views Bangladesh Logo

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাত হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের চামড়া শিল্পকে একটি শক্তিশালী বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (১৫ মে) নগরের সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পের বর্তমান সমস্যাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চামড়া শিল্পকে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস। এই স্বল্প সময়ে বড় ধরনের পরিবর্তন সম্ভব না হলেও দীর্ঘমেয়াদে কাঠামোগত সংস্কারের কাজ চলছে।

চামড়া শিল্প রক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তাই কোনোভাবেই এর অপচয় বা ক্ষতি হওয়া উচিত নয়। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ