Views Bangladesh Logo

চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পের যথাযথ মূল্যায়ন ও ব্যবস্থাপনা না করাকে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা জানান, চামড়া শিল্পের সংকট নিরসনে আলাদা করে একটি বৈঠকের আয়োজন করা হবে। পাশাপাশি, এলডিসি উত্তরণে গৃহীত ১৬টি সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, ১৬টি সিদ্ধান্তের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাস্তবায়ন করছে ৪টি, শিল্প মন্ত্রণালয় ৩টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ২টি, বাণিজ্য মন্ত্রণালয় ৩টি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ৪টি সিদ্ধান্ত নিয়ে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান সভায় জানান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নে ১৯টি সংস্থা ইতোমধ্যে যুক্ত হয়েছে এবং আরও সংস্থাকে যুক্ত করার কাজ চলছে। তিনি জানান, ট্যারিফ পলিসি ২০২৩ বাস্তবায়নেও অগ্রগতি হয়েছে।

এছাড়া সভায় তৈরি পোশাক খাতের আদলে অন্যান্য রপ্তানিমুখী খাতে প্রণোদনা ও সহযোগিতা, ম্যান-মেইড ফাইবার শিল্পের কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান, সাভারের ট্যানারি ভিলেজে ইটিপি চালু এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই পার্ক কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের অর্থনৈতিক স্বার্থেই আমাদের এই কাজগুলো করতে হবে। যেসব নীতিমালা বা আইন অকার্যকর হয়ে পড়েছে, সেগুলো পরিবর্তন করে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে হবে।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ