Views Bangladesh Logo

চামড়া শিল্পে বিগত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত ১৫ বছরে দেশের চামড়া শিল্পে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এর ফলে শিল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খাতে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে ফেলতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

সোমবার (৯ জুন) দুপুরে যশোরের রাজারহাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা চামড়া শিল্পে এতিমখানা ও মাদরাসাগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছি। পাশাপাশি শিল্পটির সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।”

গত ১৫ বছরে চামড়া শিল্পের অধঃপতন পুনরুদ্ধারে দেশব্যাপী কাজ চলছে জানিয়ে বশিরউদ্দীন বলেন, “আমি নিজেও বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি সরেজমিন দেখছি। আমাদের কন্ট্রোল টিমও সক্রিয়ভাবে তদারকি করছে।”

চামড়া সংরক্ষণের জন্য দেশব্যাপী ৭ লাখ ৫০ হাজার মণ লবণ বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, এই উদ্যোগ চামড়ার মূল্য নির্ধারণে সহায়ক হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান লবণ ছাড়াই চামড়া সংগ্রহ করায় সঠিক মূল্য পায়নি। বিশেষ করে মৌসুমি ব্যবসায়ীরা অভিজ্ঞতার অভাবে চামড়া নষ্ট করেছেন।

ট্যানারি মালিকদের সক্ষমতা বাড়াতে সরকার ঈদের আগেই ২২০ কোটি টাকার প্রণোদনা দিয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া শিল্পের অবস্থান শক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “চামড়া শিল্প নিয়ে এখনো অনেকেই সরকারের ওপর দায় চাপাচ্ছেন। অথচ শিল্পটি রক্ষায় বর্তমান সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা দেশের ইতিহাসে নজিরবিহীন। সবার সহযোগিতায় এই খাতকে ঘুরে দাঁড় করানো সম্ভব হবে।”

পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক আজাহার ইসলাম এবং পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ