বিশ্বকাপে মেসিকে ঘিরে আত্মঘাতী বোমা হামলার হুমকি: ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য
২০২৬ বিশ্বকাপ ফুটবল চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে লক্ষ্য করে একাধিক বোমা ও সশস্ত্র হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের ফাঁস হওয়া কিছু গোপন নথির বরাতে সম্প্রতি এ তথ্য জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম ‘ইনফরমাসিওন’, যা পরবর্তীতে যুক্তরাজ্যের ‘দ্য সান’-এও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।
নথি অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি দাবি করেন, তিনি ও তার আরও দুই সহযোগী হাতে তৈরি বোমা এবং এআর-১৫ রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। ফোনে পুলিশ ও উভয় দলের খেলোয়াড়দের ওপর হামলার হুমকি দেওয়ার পাশাপাশি বিশেষভাবে মেসির নাম উল্লেখ করে তাকে হত্যার হুমকিও দেন সেই ব্যক্তি।
আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর লড়াইয়ের আগেও একই ধরনের আতঙ্ক ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক ব্যক্তি আটলান্টার স্টেডিয়ামে শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হামলার হুমকি দেন। এমনকি ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ময়লার ঝুড়িতে তিনটি বোমা রাখা হয়েছে বলে পুলিশকে ফোন করে জানান আরেকজন। এরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে পুরো স্টেডিয়ামে চালানো হয় ব্যাপক তল্লাশি, যদিও শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, শুধু মেসি নন, হুমকির মুখে ছিলেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও। আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনার পর রেফারি লেতেক্সিয়ে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে প্রায় ছয় হাজার হুমকিমূলক বার্তা পান। এ ছাড়া ম্যাচটির ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি উইলি দেলাজোদও একই ধরনের হত্যাহুমকির শিকার হন। অন্যদিকে, রোনালদোর হোটেল ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করায় এক ব্যক্তিকে এবং তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করায় আরেক সমর্থককে আটক করে পুলিশ। পরে ওই সমর্থক দাবি করেন, তিনি কেবল সেলফি তুলতে চেয়েছিলেন।
বিশ্বকাপ শেষে এফবিআই জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে তারা অসংখ্য ভুয়া জরুরি ফোন কল ও বোমা হামলার হুমকি খতিয়ে দেখেছে। তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নের ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয় স্প্যানিশ শিরোপা জয়ে শেষ হওয়া এই আসরটি।
মতামত দিন