Views Bangladesh Logo

আইনজীবীদের শুধু টাকার পেছনে ছুটলে হবে না, অসহায়দের পাশে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী

আইনজীবীদের পেশাগত জীবনে শুধু অর্থের পেছনে না ছুটে সততা, নৈতিকতা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষ ও আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৮ আগস্ট) এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের (ইউএপি) বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ আইন বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিদিনই শেখার সুযোগ রয়েছে। যত বেশি পড়াশোনা করা যাবে, তত বেশি জ্ঞান ও দক্ষতা অর্জন সম্ভব। বিশেষ করে ভালোভাবে আইনি নথি প্রস্তুত করাসহ পেশাগত দক্ষতা বাড়াতে আইনজীবীদের নিয়মিত পড়াশোনা করতে হবে।

তিনি বলেন, আইনজীবীদের শুধু অর্থের পেছনে ছুটলে হবে না, পেশাগত দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। দ্রুত বিত্তশালী হওয়ার জন্য দুর্নীতি বা কোনো ধরনের শর্টকাটের আশ্রয় না নিয়ে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

আইনমন্ত্রী বলেন, দেশে আইনজীবীর সংখ্যা অনেক হলেও তাদের পেশাগত প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার দিকে সরকার এগোচ্ছে। আইন পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও দক্ষতাভিত্তিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইন পেশায় প্রবেশ নিশ্চিত করতে তালিকাভুক্তি পরীক্ষার পদ্ধতি স্বচ্ছ ও কঠোর করা হয়েছে। এ পরীক্ষায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। এমনকি তালিকাভুক্তি কমিটির সদস্যদের সন্তানরাও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার নজির রয়েছে। তাই নবীন আইনজীবীদের নিজেদের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে পেশাগত জীবনে এগিয়ে যেতে হবে।

মক্কেলের সঙ্গে পেশাগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, মক্কেল মক্কেলই। তাদের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখতে হবে এবং একই সঙ্গে আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাও আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। পারিশ্রমিকের বিনিময়ে পরিচালিত মামলার পাশাপাশি অসহায় মানুষের কিছু মামলা বিনা পারিশ্রমিকেও পরিচালনার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব ল-এর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এম এ বাকি খলিলি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির আইন ও মানবাধিকার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নূর-এ-মদিনা সুরাইয়া জেসমিন।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির আইন বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ