Views Bangladesh Logo

বাগেরহাটে আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা

বাগেরহাট শহরে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিজাম উদ্দিন শান্ত (৪২) বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষ করে শুক্রবার দিবাগত রাতে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন। পথিমধ্যে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ হত্যাকণ্ডের পরপরই হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হত্যাকাণ্ডের মূল কারণ কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, ‘আইনজীবীকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ