ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত আইনজীবীর নাম নয়ন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন আইনজীবী ও স্থানীয়রা।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বলেন, আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোসকে আটক করে তাদের কাছে হস্তান্তর করেন। পরে তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে যান। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, “স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে।” এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা প্রস্তুত বলেও জানান তিনি।
এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
ওই ঘটনায় সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
মতামত দিন