Views Bangladesh Logo

মব বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ‘মব’ বা সংঘবদ্ধ বিশৃঙ্খল আচরণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন সংশোধন ও নতুন সংযোজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দ্রুত সময়ের মধ্যে আইনকে যুগোপযোগী করে এ ধরনের সহিংস ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি মোকাবিলা করা হবে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজন করে যুগোপযোগী করা হবে। সরকার এ ধরনের অনিয়ন্ত্রিত জনসমাগম বা সহিংসতা প্রতিরোধে নীতিগতভাবে কঠোর অবস্থানে রয়েছে।

তিনি দাবি করেন, গত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও স্থিতিশীল করার জন্য বিভিন্ন পর্যায়ে কাজ চলছে।

সভায় তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন ও আধুনিক আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়েও কথা বলেন। তিনি জানান, দীর্ঘ চাকরি শেষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে যোগ্যদের অনারারি পদে পদোন্নতির একটি বিশেষ নীতিমালা তৈরি করা হচ্ছে।

এই নীতিমালার আওতায় কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পদে অনারারি পদোন্নতির সুযোগ দেওয়া হতে পারে।

এছাড়া অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ‘ওভারটাইম ভাতা’ চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, এতে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে এবং সেবার মান উন্নত হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ হাসপাতাল আধুনিকায়ন ও উন্নত করা এবং পুলিশ সদস্যদের আবাসন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা আরও কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ