বিচারকদের ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রীর
বিচারকদের দায়িত্বশীলতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারকরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করলে সরকার সবসময় তাদের পাশে থাকবে।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ন্যায়বিচার নিশ্চিত করুন, আমরা আপনাদের পাশে আছি।
তিনি বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে যেসব বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায়, সেগুলো এড়িয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় সরকারের নীতিগত অবস্থানের কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ববোধ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণই হওয়া উচিত কাজের মূল ভিত্তি, জনপ্রিয়তা নয়। সব পরিস্থিতিতে ন্যায়ের পথে অটল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ক্ষেত্রে বিচারকদেরও সচেতন ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামকে সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এ দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এমদাদুল হক। এছাড়া আইন কমিশনের সদস্য, প্রশিক্ষণার্থী বিচারক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে