আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ থেকে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই প্রস্তুতি অবস্থায় ছিল। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে সার্বক্ষণিক তথ্য পাবে।
নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত ভোট পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তারা জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য অনুকূল।
নির্বাচন কমিশনার আরও জানান, সব ব্যালট বাক্স ইতোমধ্যে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। বর্তমানে সবাই ভোটের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত।
ভোটকে সামনে রেখে রাজধানীতে বিভিন্ন দাবিতে আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। এ সময় সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।
ইসি সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারির ভোটের আগে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় নির্বাচনী প্রচার শেষ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। বেসামরিক প্রশাসনকে সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনী কাজ করবে।
এবার নির্বাচনে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় সাড়ে ৫ লাখ, পুলিশের দেড় লাখ, সশস্ত্র বাহিনীর এক লাখ এবং বিজিবির প্রায় ৩৫ হাজার সদস্য থাকবেন।
নির্বাচনে মোট ২৯৯ আসনে ২ হাজার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ১৩ কোটি ভোটারের জন্য সারাদেশে স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে