নির্বাচনে জয়লাভ করলে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে মানুষ নিরাপদ বোধ করতে পারে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাইস্কুলে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন। সকাল ৯টা ৩৬ মিনিটে কেন্দ্রে প্রবেশের পর ভোট প্রদান করেন এবং ৯টা ৫০ মিনিটে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
ভোট প্রদান শেষে দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় সন্তোষ প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে বিএনপির জয়ের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের তিনি বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।
তারেক রহমান আশা প্রকাশ করেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
সারাদেশ থেকে গত রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে নিয়ন্ত্রণে নিয়েছে, যা তার কাছে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে।
ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ যদি সারাদিন ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
নির্বাচনের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, 'আমি ইনশাআল্লাহ আশাবাদী, জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী।'
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে সাধারণ মানুষ দেশে নিরাপদ বোধ করতে পারে।
নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ প্রথম দিন থেকেই শুরু হবে।
সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও স্থিতিশীল ভবিষ্যতের প্রত্যাশা জানিয়ে তারেক রহমান তার বক্তব্য শেষ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে