Views Bangladesh Logo

ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, ‘কোনও অপরাধীকেই ছাড় দেওয়া হচ্ছে না। সম্প্রতি নরসিংদীতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার ঘটনার সঙ্গে যুক্ত সকল অপরাধীকেও আইনের আওতায় আনা হয়েছে।’

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-র সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

টুরিস্ট ভিসা পুনরায় চালু করার বিষয়ে তিনি বলেন, এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এছাড়া, লাইসেন্সকৃত অস্ত্র এখনও জমা না দেওয়ার বিষয়ে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কোনো লাইসেন্স দেওয়া হয়েছিল কিনা তা যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী জানান, সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরে যাবে তা সরকারের উচ্চপর্যায় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ