জেফরি এপস্টেইনের যৌন কেলেঙ্কারি নিয়ে টিভি সিরিজে লরা ডার্ন
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের গল্প এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগত নিয়ে একটি লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি পুরস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্ন।
সিরিজটি তৈরি হচ্ছে সাংবাদিক জুলি কে ব্রাউনের বই 'পারভারশন অব জাস্টিস: দ্য জেফরি এপস্টেইন স্টোরি' অবলম্বনে। ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে এপস্টেইনের যৌন কেলেঙ্কারি উন্মোচন করেছিলেন মিয়ামি হেরাল্ডের এই সাংবাদিক। তার সাহসী সাংবাদিকতা ২০১৯ সালে এপস্টেইনকে গ্রেপ্তারে ভূমিকা রাখে। বছরের পর বছর তদন্ত চালিয়ে তিনি এপস্টেইনের আন্তর্জাতিক যৌন পাচার চক্র এবং প্রভাবশালী মহলের সঙ্গে তার গোপন সম্পর্ক ফাঁস করেছিলেন। সেই জুলি কে ব্রাউনের চরিত্রেই পর্দায় দেখা যাবে লরা ডার্নকে।
এপস্টেইনকে নিয়ে এর আগে একাধিক তথ্যচিত্র নির্মিত হলেও এটিই হতে যাচ্ছে প্রথম টিভি সিরিজ। চিত্রনাট্য লিখছেন শ্যারন হফম্যান ও আইলিন মায়ার্স, যারা এর আগে 'হাউস অব কার্ডস' ও 'মাস্টার্স অব সেক্স'-এর মতো সিরিজে কাজ করেছেন।
সিরিজটির প্রযোজনায় রয়েছে অস্কারজয়ী নির্মাতা অ্যাডাম ম্যাককের প্রতিষ্ঠান হাইপার অবজেক্ট ইন্ডাস্ট্রিজ। অ্যাডাম ম্যাককে ও কেভিন মেসিক নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্বে থাকবেন। লরা ডার্নও অভিনয়ের পাশাপাশি তার প্রযোজনা সংস্থা জেভিড প্রোডাকশনসের মাধ্যমে নির্বাহী প্রযোজকের ভূমিকায় থাকছেন।
সিরিজটি সম্পর্কে অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, এপস্টেইনের বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা অপরাধ এবং ব্যবস্থার ব্যর্থতা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এই সিরিজে দেখানো হবে কীভাবে ক্ষমতাধরদের বাধা সত্ত্বেও জুলি ব্রাউন ভুক্তভোগী নারীদের ন্যায়বিচার পাওয়ার পথ তৈরি করেছিলেন।
জানা গেছে, চিত্রনাট্য তৈরির কাজ এখনও চলছে। সিরিজটি এ বছরের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে মুক্তি পেতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে