Views Bangladesh Logo

লঞ্চ দুর্ঘটনা: দুই লঞ্চের রুট পারমিট স্থগিত, তদন্ত কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রীর মৃত্যুর ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ-এর পরিচালক (ট্রাফিক) জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। লঞ্চ দুটি হলো-ফারহান ৬ ও তাশরিফ ৪।

একইসঙ্গে, ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ-এর পরিচালক (ক্রয় ও মজুদ) রফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ লঞ্চ দুটি দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুই লঞ্চের মাঝ দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকতে গেলে এমভি তাশরিফ ৪ লঞ্চের দড়ি ছিঁড়ে যায়।

সেসময় লঞ্চে উঠতে গিয়ে গুরুতর আহত হন ৫ জন। তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন-গার্মেন্টসকর্মী বেলাল হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৩), তাদের ৪ বছর বয়সী সন্তান মাইশা (৪) ও রবিউল (১৯) এবং রিপন হাওলাদার (৩৮)।

বিআইডব্লিউটিএ-এর যুগ্ম-পরিচালক আলমগীর কবির জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুটি লঞ্চের পাঁচ কর্মীকে আটক করেছে নৌ-পুলিশ।

লঞ্চের দড়ি ছিঁড়ে যাত্রীদের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ