নাটোরে প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর
নাটোরের গুরুদাসপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক দুইটার দিকে গুরুদাসপুর পৌরসভার কাছারিপাড়া মহল্লায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে একদল লোক বাড়িটির প্রধান ফটকের সামনে আসে। পরে তারা ফটক এবং বাসভবনের জানালা-দরজায় ইটপাটকেল ছোড়ে। এতে জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভেঙে যায়। প্রায় ১০ মিনিট পর তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
বাড়ির সামনে ভাঙা কাচের টুকরাও পড়ে থাকতে দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আবদুল কুদ্দুস ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। ২০২৩ সালের ৩১ আগস্ট তিনি মারা যান। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গুরুদাসপুরের বাড়িটি তালাবদ্ধ রয়েছে।
আবদুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস বলেন, গত কয়েক দিন ধরে তিনি ফেসবুকে বিদ্যুতের দুরবস্থা নিয়ে লেখালেখি করেছেন। তাঁর ধারণা, এ কারণে বিএনপির লোকজন ক্ষুব্ধ হয়ে বাড়িতে হামলা চালিয়েছে। তিনি ঘটনাটিকে নিন্দনীয় বলে উল্লেখ করেন।
এর আগে শনিবার গভীর রাতেও নাশকতার মামলায় কারাগারে থাকা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে সবুজ ফকিরের বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে গেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হাসান বলেন, একটি মিছিল যাওয়ার সময় সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন