দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার
একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার জনসংখ্যা উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে। একই সঙ্গে জনমিতিক লভ্যাংশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নকে মানুষের জীবনমানের পরিবর্তনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইনডো: অ্যা পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। ইউএনএফপিএর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ ও দীর্ঘায়ু লভ্যাংশ পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এসব সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিগত পরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়ন। শুধু নীতি প্রণয়ন করলেই হবে না, এর পাশাপাশি আইন প্রণয়ন ও সংস্কার, বাজেটের যথাযথ ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, উন্নয়নকে শুধু অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানুষের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধার ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় এসব নীতি বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
স্পিকার আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নয়নের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়নের গতি আরও বাড়বে। তরুণদের দক্ষতা ও প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে দক্ষ জনশক্তি ও মানবসম্পদ বিদেশে পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন ডেপুটি স্পিকার।
অনুষ্ঠানে বাংলাদেশের পরিবর্তিত জনসংখ্যা কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে জনমিতিক, জেন্ডার ও দীর্ঘায়ু লভ্যাংশ কাজে লাগাতে পৃথক নীতিগত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ‘বাংলাদেশের জনমিতিক সুযোগ: সম্ভাবনা, সময় ও ঝুঁকি’ বিষয়েও আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে সংসদ সদস্য, ইউএনএফপিএ ও এসপিসিপিডি প্রকল্পের প্রতিনিধি, পরিকল্পনা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন