Views Bangladesh Logo

সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

সচিবালয়ে টেলিফোনের তার চুরির ঘটনার পর এবার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (সচিব পদমর্যাদা) একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১৬তলা থেকে মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ চুরি হয়। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব। একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দফতরও রয়েছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলামের কক্ষে পিএস ইমামুল হাফিজ প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই। সেসময় বিদ্যুৎ ছিল না এবং কক্ষের বাইরে লোকসমাগমও ছিল। পরে তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা যায়নি।

নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে দফতর থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগের মধ্যেই চুরি হওয়া ল্যাপটপটি ছিল। এতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিও থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ভবনের ১৬তলায় শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। গুরুত্বপূর্ণ দফতর এলাকায় সহজেই প্রবেশ করা যায় এবং প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। লিফট থেকে নেমেই নিরাপত্তা বলয় ছাড়া করিডোরে প্রবেশ করা যায় বলেও জানান তাঁরা।

প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা উপস্থিত সবার ব্যাগ তল্লাশি করেছি। আমাদের জনবল খুবই সীমিত — মোট ২২ জন আনসার পুরো ভবনে দায়িত্ব পালন করেন। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ