Views Bangladesh Logo

ভাষাসৈনিক আমেনা আহমেদ আর নেই

ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমেনা আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমেদের সহধর্মিণী। মৃত্যুকালে একমাত্র কন্যা আইভি রহমানসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিপর্যায়ে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ন্যাপের প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানান, শনিবার বাদ মাগরিব কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে স্বামী মোজাফফর আহমেদের কবরের পাশে তাকে দাফন করা হবে।

আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের নেত্রী ও ইডেন কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। এছাড়া ২০০৯ ও ২০১৪ সালে সংরক্ষিত মহিলা আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ