রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) থেকে টানা ভারি বৃষ্টির কারণে এ ঘটনা ঘটেছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)।
বুধবার (১৯ জুন) সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৪ তে একজন, ক্যাম্প-১০ এ চারজন, ক্যাম্প-৯ এ এক বাংলাদেশিসহ তিনজন এবং ক্যাম্প-৮ এ একজনের মৃত্যুর ঘটনা ঘটে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল থেকে টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধ্বসের এই ঘটনা ঘটেছে।’
মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের বসবাস এবং সেই এলাকাগুলো পাহাড়ধ্স প্রবণ এলাকা। এ কারণে এখন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়গুলোতে বাস করছে প্রায় ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। তাই টানা ভারি বৃষ্টিপাতে রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোও পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে