Views Bangladesh Logo

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

মৌসুমি নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। পাশাপাশি নগরের সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে নগরের বিভিন্ন পাহাড়ি এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক মাইকিং চালানো হচ্ছে। এর আগে রোববার রাতেও একই ধরনের প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, আমিন জুট মিল এলাকা, পাহাড়িকা, সমবায় আবাসিক এলাকা, মিয়ার পাহাড়, মুরাদপুর রেলস্টেশন-সংলগ্ন পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, ঢেবারপাড়, আমবাগান এবং উত্তর হালিশহর উপকূলসংলগ্ন এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে এবং প্রয়োজনীয় স্থানে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ