Views Bangladesh Logo

কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল দুই পরিবারের ৬ জনের

ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের তিনজন এবং উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও একজন।

নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

নিহত আঁখি মনির শাশুড়ি জানান, রাত ২টার দিকে ভারী বৃষ্টি হলে মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পান তারা। পরে তারা গিয়ে দেখেন মিজান সপরিবারে মাটিচাপা পড়েছেন। তাৎক্ষণিক মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ঝিলংঝা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর সিকদার বলেন, গতকাল সকাল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে আমার এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। পাশাপাশি পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের সরিয়ে নেয়া হচ্ছে।

অপরদিকে একই রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এখানেও একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আবদুল ওয়াহেদ।

এ ব্যাপারে কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, ভারী বর্ষণে উখিয়া ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, স্বেচ্ছাসেবকেরা বিধ্বস্ত ঘর বাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ