Views Bangladesh Logo

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নামজারি (মিউটেশন) ও বিবিধ সার্টিফিকেট-সংক্রান্ত সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া এবং হয়রানির অভিযোগ ছিল।

সম্প্রতি ঘুষ লেনদেনের একটি ভিডিও একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। পরে ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রচারিত প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করা হয়। এতে ইমনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের আদেশের অনুলিপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে বরখাস্ত হওয়া কর্মচারীর বিরুদ্ধে অভিযোগনামা ও বিস্তারিত বিবরণ প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাতে তানোর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ইমনের বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা ভূমি অফিসের সেবা কার্যক্রম দুর্নীতিমুক্ত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভূমি অফিসের বিভিন্ন সেবা নিতে গিয়ে তাদের হয়রানি ও ঘুষের মুখোমুখি হতে হয়েছে। দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে তানোর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ‘আমার অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে জেলা প্রশাসক সাময়িক বরখাস্ত করেছেন। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ