৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধের আহ্বান
দেশের সব ভূমি মালিককে চলতি অর্থবছরের বকেয়া ভূমি উন্নয়ন কর আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধের আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে কর পরিশোধে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বার্তায় বলা হয়, নাগরিকরা ঘরে বসেই অনলাইনে land.gov.bd–এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, কর দিতে হলে প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ নির্ধারণ করে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।
বার্তায় আরও বলা হয়, ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে জমির মালিকানা সংরক্ষণে সহায়তা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে আইন অনুযায়ী বকেয়ার ওপর সুদ যুক্ত হতে পারে।
সরকারি অর্থবছর ৩০ জুন শেষ হয়। এ সময়ের মধ্যে কর পরিশোধ করলে হিসাব-নিকাশ স্বাভাবিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে এবং আইনি জটিলতা এড়ানো যাবে।
ভূমি মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে। পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তিও কমবে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে