সততা ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর
প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, “আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী—কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, আইন সবার জন্য সমান এবং কেউ আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, সততা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ এবং সেবামুখী মনোভাব নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বাজার তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান গ্রহণের কথাও বলেন তিনি।
মন্ত্রী জানান, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের সব দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রম জোরদারে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সভাপতিত্ব করেন। এতে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে সহায়ক হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে