ভূমিমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন ভূমিহীনরা
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে তিন দফা দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে ভূমিহীনরা। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় মন্ত্রীর বাসভবনের সামনে অনশন শুরু করেন বিক্ষোভকারীরা। পরে মন্ত্রী নিজে তাদের পানি পান করিয়ে অনশন ভাঙান এবং খাস জমি বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
এর আগে বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী দীর্ঘদিনের বাসিন্দাদের মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদের প্রচেষ্টাকে ‘অন্যায্য ও ষড়যন্ত্রমূলক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘উচ্ছেদের জন্য ন্যূনতম ৬-৭ দিন সময় দেওয়া উচিত। তা না করে হঠাৎ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া অমানবিক। অতীতের কিছু অসাধু কর্মকর্তার ব্যর্থতায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানো আমার একটি নৈতিক দায়িত্ব।’
বক্তব্যের একপর্যায়ে বিগত সরকারের আমলের স্থানীয় ভূমিদস্যুদের কঠোর সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে লিটন, শাহু ও সাচ্চুর মতো ভূমিদস্যুরা জনগণের সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়েছে। ৭০ বছর আগের মালিকানা দাবি করে তাদের উপর অর্পিত সম্পত্তি এখন আর দখলের কোনো আইনি সুযোগ নেই।’
ভূমিদস্যুদের হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ভূমিমন্ত্রী স্থানীয় পর্যায়ে একটি 'লিগ্যাল প্যানেল' গঠনের পরামর্শ দেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।
খাস জমি বণ্টন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, ‘প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাস জমি বণ্টনের বিষয়ে সরকার আন্তরিক। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা জমি বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি শক্তি প্রয়োগ না করে স্থানীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার ভোর থেকেই কয়েক শ ভূমিহীন পরিবার ন্যায়বিচারের দাবিতে মন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করে। মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও সমস্যা সমাধানের সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতে তারা কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে