Views Bangladesh Logo

রাজশাহীর সবুজ-পরিচ্ছন্ন শহরের গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহী শহরের সবুজ ও পরিচ্ছন্নতার ঐতিহ্য ধরে রাখতে পরিবেশ রক্ষায় আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে আরও সবুজ করতে হবে। রাজশাহীকে সবুজায়িত করতে গত দুই থেকে তিন দশক ধরে ধারাবাহিকভাবে যে প্রচেষ্টা চালানো হয়েছে, তার মূল কৃতিত্ব নগর ও জেলার সর্বস্তরের মানুষের। অর্জিত এই গৌরব সবাইকে ধরে রাখতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সহযোগিতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহীর সাংবাদিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ১৭ বছরে রাজশাহী মহানগর ১৪ বার সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে। এর ফলে রাজশাহী বর্তমানে দেশ ও আন্তর্জাতিক পরিসরে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও নগরটি শক্ত অবস্থান তৈরি করেছে বলে।

বৃক্ষের গুরুত্ব তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ার মাধ্যমে পৃথিবীতে প্রাণ টিকিয়ে রাখে। পৃথিবীতে বৃক্ষ না থাকলে কোনো প্রাণের অস্তিত্বই থাকত না। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণকে প্রত্যেকের দায়িত্ব হিসেবে নিতে হবে।

নগরীর সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভূমিমন্ত্রী।

রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ