Views Bangladesh Logo

শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আহ্বান ভূমিমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার সকাল ৮টায় নগরীর দরগাপাড়া হজরত শাহ মখদুম রূপোশ (রহ.) মাজার সংলগ্ন মসজিদে ঈদের প্রথম জামাত শেষে তিনি এ আহ্বান জানান। এক মাসের সিয়াম সাধনার পর সারা দেশের মতো রাজশাহীতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় ঈদ।

ঈদের সকালে নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রথম জামাত সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় ৮টা ২০ মিনিটে। পরে একই স্থানে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে এ বছর কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে মাজার সংলগ্ন মসজিদেই নামাজ আদায় করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঈদের নামাজ আদায় করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং ঈদের চেতনায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে।

জামাতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে নগরীর জিন্নাহনগর জামে মসজিদের ঈদের জামাতে অংশ নিয়ে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, ঈদ আমাদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির শিক্ষা দেয়। সব বিভেদ ভুলে একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ছয়টি ঈদগাহে জামাত আয়োজন সম্ভব হয়নি। ফলে নগরীর বিভিন্ন মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জিন্নাহনগর জামে মসজিদ, সাহেববাজার জিরো পয়েন্ট মসজিদ, টিকাপাড়া মসজিদ, বিশ্ববিদ্যালয় মসজিদসহ বিভিন্ন স্থানে জামাত অনুষ্ঠিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ