Views Bangladesh Logo

সালমানের স্টুডিওতে হামলা চাঁদাবাজির কারণে নয়, জমি বিরোধের জেরে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চাঁদাবাজির কারণে নয়, বরং ভূমিসংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে বর্ণনা করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের দখল ও পাল্টা দখলের বিরোধ থেকেই এই ভাঙচুরের ঘটনা ঘটে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত হয়েছে। আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। এ ঘটনায় মামলা ও জিডির আইনি প্রক্রিয়া চলছে। তবে এখনো মামলা হয়নি।

তিনি আরও বলেন, সালমান মুক্তাদির প্রথমে ফেসবুক লাইভে এসে দাবি করেছিলেন যে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল এবং তা না দেওয়ায় স্টুডিওতে হামলা চালানো হয়। তবে একপর্যায়ে সালমান বলেছেন, তার কাছে কেউ চাঁদা চাননি; চাইলে তিনি দিতেন। এরপর বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এটি সুনির্দিষ্ট অভিযোগ নয়।

ঘটনার পেছনে জমি নিয়ে বিরোধের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মানিকদী নামাপাড়া এলাকার বিতর্কিত ওই জমি ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। প্রাথমিক প্রতিবেদনে সেখানে ‘নিউ গিনি প্রপার্টিজ’ নামে একটি বিল্ডার্স প্রতিষ্ঠান ও একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে বিরোধের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী অবসরপ্রাপ্ত ওই সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জমিটি দখল করতে যায়। সেখানে গিয়ে তারা প্রাঙ্গণে ভাঙচুর চালায়। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেডও ছিল, যেখানে কনটেন্ট তৈরির কাজ হতো। সেটিতেও ভাঙচুর হয়েছে।

বিতর্কিত জমিটি নিয়ে সংঘর্ষ ও দখল-পাল্টা দখলের ঘটনায় ইতোমধ্যে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। আনুষ্ঠানিকভাবে মামলা হলে তদন্তের ভিত্তিতে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ