Views Bangladesh Logo

বিশ্বকাপের আগে সুসংবাদ পেলেন লামিনে ইয়ামাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে বড় এক স্বীকৃতি পেয়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ২০২৫-২৬ মৌসুমে লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

বার্সেলোনার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। পুরো মৌসুমে তিনি ১৬টি গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছেন। লা লিগায় বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই তরুণ ফরোয়ার্ড।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ইয়ামাল এমন একজন খেলোয়াড়, যাকে থামাতে প্রতিপক্ষের রক্ষণভাগকে বিশেষ প্রস্তুতি নিতে হয়। ১৬ গোল ও ১১টি গোলে সহায়তার পাশাপাশি গোল তৈরির ক্ষেত্রেও তার প্রভাব ছিল অসাধারণ। লা লিগায় আর কোনো খেলোয়াড় এত বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

তবে মৌসুমজুড়ে চোটের সমস্যাও পিছু ছাড়েনি ইয়ামালের। কুঁচকির চোটে একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এছাড়া ঊরুর পেছনের পেশির চোটের কারণে মৌসুমের শেষ ছয় ম্যাচও খেলতে পারেননি।

তবে বিশ্বকাপের আগে স্বস্তির খবর হলো, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আসরের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। ফলে স্পেনের হয়ে বিশ্বকাপ অভিযানে তার অংশগ্রহণ নিয়ে যে শঙ্কা ছিল, তা অনেকটাই দূর হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ