বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের অনন্য সেতুবন্ধন লালন সাঁই: দীনেশ ত্রিবেদী
ফকির লালন সাঁইকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের অনন্য সেতুবন্ধন হিসেবে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, মানবসমাজের পথপ্রদর্শক লালন শাহের কালজয়ী দর্শন অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ‘লালন সন্ধ্যা’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
লালনের দর্শন ও সংগীতের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে দীনেশ ত্রিবেদী বলেন, লালন সাঁইকে নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করার মতো যোগ্যতা তাঁর নেই। তবে তাঁকে নিয়ে সামান্য পড়াশোনা করে মনে হয়েছে, লালন তাঁর মনের মানুষ। তাঁর বাণী ও দর্শন সব মানুষের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।
ভারতীয় হাইকমিশনার বলেন, লালন সবাইকে মুগ্ধ করেছিলেন। এমনকি তাঁর দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনুপ্রাণিত করেছিল। লালন সাঁই বাংলাদেশ ও ভারতের মধ্যে এক অনন্য সেতুবন্ধন। দুই দেশের মানুষের কাছে তিনি মানবতার চিরন্তন বাতিঘর।
আলোচনা সভা শেষে লালনসংগীত পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের পরিবেশনায় মুগ্ধ হন মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতারা। পাশাপাশি লালন সাঁইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তাঁরা।
মতামত দিন