Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে এনসিপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার এনসিপির অঙ্গসংগঠন শ্রমিকশক্তির নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অপর আসামি, তার ভাই ও এনসিপিকর্মী ইমাম হোসেনকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক এ আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে করা এ মামলার প্রধান আসামি আনোয়ারকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
আনোয়ার জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মামলার বাদী রুহুল আমিন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চরবগা গ্রামের শফিক আহম্মদের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী অ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য ফেসবুকে প্রচার করেন আনোয়ার। অভিযোগ অনুযায়ী, তার ফেসবুক আইডিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম-সংবলিত একটি ছবিও আপত্তিকরভাবে প্রচার করা হয়, যা নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

মামলায় উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষে আনোয়ার রায়পুরের সোনাপুরে গ্রামের বাড়িতে এলে ৩০ মে রাতে ফেসবুকের ওই প্রচারণার কারণ জানতে চাওয়া হয়। এ সময় আনোয়ারসহ অভিযুক্তরা যুবদল নেতা রুহুল আমিনসহ সাক্ষীদের ওপর হামলা চালান এবং একপর্যায়ে বাদীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওই রাতেই স্থানীয়রা আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরদিন ৩১ মে দুপুরে রুহুল আমিন বাদী হয়ে সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে রায়পুর থানায় মামলা করেন। এতে আনোয়ারসহ তাঁর তিন ভাইয়ের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ