তিন বিভাগ থেকে কাউকে উপদেষ্টা না করায় সারজিস আলমের ক্ষোভ
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ এই তিন বিভাগ থেকে কাউকে উপদেষ্টা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, 'চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেয়া হয়েছে। কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। তিন বিভাগ থেকে কি একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য। অঞ্চলবৈষম্য আমরা সমর্থন করি না।'
শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করেন।
সারজিস বলেন, 'ফারুকী তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন। এরকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।’
পরে জুলাই-আগস্টে রংপুর বিভাগের সব শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শিদ ও জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে