বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি খরা কাটাতে চান লাবুশানে
দীর্ঘদিন ধরে টেস্টে সেঞ্চুরির দেখা না পাওয়া অস্ট্রেলিয়ান ব্যাটার মারনাস লাবুশানে এবার বাংলাদেশের বিপক্ষে সেই খরা কাটানোর আশা করছেন। টেস্ট ক্যারিয়ারে ১১টি সেঞ্চুরি থাকলেও সর্বশেষ শতকটি তিনি করেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ১১১ রানের ইনিংস খেলে। এরপর ২১টি টেস্ট খেলেও আর তিন অঙ্কের দেখা পাননি তিনি।
২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ৯০ রানে আউট হয়ে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হন লাবুশানে। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজকে নিজের ফর্মে ফেরার আদর্শ সুযোগ হিসেবে দেখছেন তিনি।
অফফর্ম নিয়ে লাবুশানে বলেন, গত চার-পাঁচ বছরে তাঁর টেকনিক্যাল কিছু সমস্যা তৈরি হয়েছিল এবং তিনি বারবার স্বল্পমেয়াদি সমাধান খুঁজেছেন। তবে সাম্প্রতিক বিরতিতে তিনি নিজের ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলো নিয়ে গভীরভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। তাঁর বিশ্বাস, এই প্রস্তুতির ইতিবাচক ফল মাঠে দেখা যাবে।
৩২ বছর বয়সী এই ব্যাটার জানান, গত আট সপ্তাহ ধরে তিনি ব্যাটিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন। পাশাপাশি নিজের ব্যাটিংয়ের ধরন ও সামগ্রিক টেকনিক নিয়েও কাজ করেছেন। তাঁর ভাষায়, নিজের সেরা ছন্দে ফিরতে এমন প্রস্তুতির প্রয়োজন ছিল।
মতামত দিন