মতামত জমা দেয়ার সময় আরও এক সপ্তাহ বাড়াল শ্রম সংস্কার কমিশন
শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে মতামত জানানোর সময়সীমা এক সপ্তাহ বাড়াল শ্রম সংস্কার কমিশন। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংস্কার কমিশনের ওয়েবসাইটে এ বিষয়ে মতামত দেয়া যাবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) শ্রম সংস্কার কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে শ্রম সংস্কার কমিশনের নির্বাহী সচিব নূর জাহান আমিনা মুন জানান, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও শিল্পখাতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশন ইতোমধ্যে ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সরকার, ট্রেড ইউনিয়ন, শ্রমিক নেতা, বিভিন্ন মালিক পক্ষের প্রতিনিধি ও প্রতিষ্ঠানভিত্তিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সঙ্গে প্রায় ১০০’র বেশি মতবিনিময় সভা আয়োজন করেছে। এসব সভার মাধ্যমে মৌখিক ও লিখিত উভয় ধরনের সুপারিশ সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, কমিশন (https://blrcommission.org) ওয়েবসাইটের মাধ্যমে মতামত সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে, যা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। সংশ্লিষ্ট সকল পক্ষকে এই সময়ের মধ্যে তাদের মূল্যবান মতামত জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যাতে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করে একটি সমতাভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে