শ্রমিক সংগঠনের বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সব রুটের বাস
দুই শ্রমিক সংগঠনের বিরোধকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে জেলার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সকালে বাস চলাচল বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনালে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে কেউ কেউ বিকল্প যানবাহনের মাধ্যমে যাত্রা করার চেষ্টা করছেন।
বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, জেলার শ্রমিকদের সঙ্গে হরিপুর এলাকার শ্রমিকদের বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।
চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া জানান, দুই দিন আগে জেলার কর্মরত কয়েকজন শ্রমিককে হরিপুর এলাকার শ্রমিকরা মারধর করেন। ওই ঘটনার জের ধরেই দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ তীব্র হয়েছে এবং এর প্রভাব পড়েছে বাস চলাচলে।
তিনি বলেন, শ্রমিকদের বিরোধের কারণে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দূরপাল্লার ও আন্তঃজেলা যাত্রীরা। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের বাড়তি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে। সমস্যা সমাধান করে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যাত্রীরা।
মতামত দিন