Views Bangladesh Logo

আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শতাধিক নারী। নারীদের নিয়ে বিভিন্ন সময়ে তাঁর দেওয়া বক্তব্যকে অসম্মানজনক উল্লেখ করে এসব বক্তব্যের তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কুষ্টিয়া পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারী অংশ নেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’।

পরে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল ও অন্যান্য অনুষ্ঠানে নারীদের নিয়ে আমির হামজার দেওয়া কিছু বক্তব্য তাঁদের কাছে অসম্মানজনক মনে হয়েছে। এ ধরনের মন্তব্য নারীর মর্যাদা ও সামাজিক সম্মানের পরিপন্থী বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাঁদের সম্মান ও অধিকার রক্ষা করা সবার দায়িত্ব। জনপ্রতিনিধিরা যদি নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, তাহলে তাঁদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। এ জন্য আমির হামজার বক্তব্যগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

সমাবেশ থেকে সংসদ সদস্য হিসেবে আমির হামজার পদত্যাগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে নারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ