কুষ্টিয়ায় পীর শামীম হত্যার বিচার দাবিতে ভক্তদের বিক্ষোভ
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপ নগর এলাকায় দরবারে হামলা ও দরবার প্রধান শামীম রেজা জাহাঙ্গীর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার ভক্ত ও এলাকাবাসী। একইসঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে দৌলতপুরের দরবারের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় নিহতের ভক্ত ও স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকে তার ভক্তদের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শামীমের ছবি হাতে নিয়ে হত্যাকাণ্ডটিকে 'পূর্বপরিকল্পিত' উল্লেখ করেন।
মানববন্ধন শেষে দরবার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দারোগার মোড় ও ইসলামপুর জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আস্তানার সামনে গিয়ে শেষ হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিকেলে শামীমের ভক্ত ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।
এর আগে সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় নিহতের অপর দুই ভাই গোলাম রহমান ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শনিবার বিকেলে উত্তেজিত জনতা ফিলিপনগরের ওই দরবার শরীফে হামলা চালায়। তারা সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানোর এক পর্যায়ে শামীমকে পিটিয়ে হত্যা করে।
এলাকাবাসীর ভাষ্যমতে, এই হত্যাকাণ্ডের পর শামীমের অনুসারীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইন-শৃঙ্খলার অবনতি রোধে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে