কলেজ পরিদর্শনকালে অবরুদ্ধ এমপি আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামী ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজাকে কুষ্টিয়া সরকারি কলেজে পরিদর্শনকালে ঘিরে বিক্ষোভের মুখে পড়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মে) কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে তাকে অবরুদ্ধ করা হয়। সংসদ সদস্য আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে অ্যাডমিনের দেওয়া পোস্টে বলা হয়, কলেজ পরিদর্শনের সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে অবরুদ্ধ করেন।
কলেজ সূত্র জানায়, সকালে তিনি প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় ‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে’ একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরে তিনি মাঠে গেলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে এবং মাঠের মধ্যে বসে পড়ে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। তবে সেখানেও শিক্ষার্থীরা গিয়ে একইভাবে স্লোগান দিতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষের কার্যালয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে আমির হামজা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তিনি বলেন, আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সঠিক নয়।
মতামত দিন