‘ডিজেলের বিকল্প জ্বালানি’ তৈরি করে আলোচনায় কুষ্টিয়ার উদ্ভাবক মনিরুল
দেশজুড়ে ডিজেলের সংকটে যখন কৃষকেরা সেচ নিয়ে দুশ্চিন্তায়, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন স্থানীয় উদ্ভাবক মনিরুল ইসলাম।
তিনি পোড়া মবিল (ব্যবহৃত ইঞ্জিন তেল) থেকে বিকল্প জ্বালানি তৈরির দাবি করেছেন, যা দিয়ে ডিজেলচালিত সেচযন্ত্র চালানো যাচ্ছে বলে জানিয়েছেন।
মনিরুল ইসলাম জানান, ২০০৭ সাল থেকে ডিজেল ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করেন তিনি। শিক্ষকতা ছেড়ে পুরোপুরি গবেষণায় মনোযোগ দেন। দীর্ঘদিনের চেষ্টা এবং বিদেশে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে সম্প্রতি তিনি এই জ্বালানির কার্যকর ব্যবহার শুরু করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন।
তার উদ্ভাবিত পদ্ধতিতে চারটি উপাদান ব্যবহার করা হয়, যার মধ্যে একটি বিশেষ ‘বুস্টার’ মূল ভূমিকা রাখে। তার ভাষ্য অনুযায়ী, পাঁচ লিটার পোড়া মবিলের সঙ্গে অল্প পরিমাণ (প্রায় ১০০ মিলিগ্রাম) বুস্টার মিশিয়ে এমন একটি জ্বালানি তৈরি করা যায়, যা প্রায় সাত লিটার ডিজেলের সমপরিমাণ কাজ করতে সক্ষম। এই মিশ্রণটির নাম দেওয়া হয়েছে ‘মেথড অব অলটারনেটিভ ডিজেল’ (ম্যাড)।
স্থানীয় কৃষকেরা বলছেন, এই উদ্ভাবন তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। সেচের জন্য ডিজেল সংগ্রহে যেখানে আগে সমস্যায় পড়তে হতো, সেখানে এখন সহজেই মাঠে পানি দেওয়া যাচ্ছে। ধান, পাট ও কলাসহ বিভিন্ন ফসলের জমিতে এই জ্বালানি ব্যবহার করে সেচ কার্যক্রম চালানো হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের ফার্ম মেশিনারি বিভাগের একজন প্রশিক্ষক জানান, এ ধরনের জ্বালানি ব্যবহার ইঞ্জিনের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এর ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, মাঠপর্যায়ে এই জ্বালানির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে ইতিবাচক ফলাফল দেখা গেলেও এর কোনো নেতিবাচক প্রভাব আছে কি না, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এ ধরনের উদ্ভাবন সম্ভাবনাময় হলেও সরকারি যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, পরীক্ষায় সফল হলে এই উদ্যোগ কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং সেচ সংকট মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে