কুয়েটে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা, শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
এদিকে, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েট শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে প্রচারণা চালাতে গেলে ছাত্ররাজনীতির বিরোধী একটি পক্ষ এর প্রতিবাদ জানায়।
পরে, ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধকরণ, হামলাকারীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবি রয়েছে।
তারা হুঁশিয়ারি দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে