Views Bangladesh Logo

স্ত্রীসহ খুবির ক্যান্টিনকর্মীর বিরুদ্ধে মামলা, ছাত্রী হলে পুরুষ কর্মী নিষিদ্ধ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়-২৪ ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসান (২৪) ও তার স্ত্রী রুপা মণির বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে হরিণটানা থানায় মামলাটি করেন। পরে আদালতে হাজির করা হলে ইমাম হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ঘটনাটি বুধবার রাতে প্রকাশ্যে এলে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক সভা করে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ভিডিও ধারণের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযুক্তের পরিচালিত হল ক্যান্টিনের বরাদ্দ বাতিল করা হয়েছে এবং হলের ভেতরে কর্মচারীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া অপরাজিতা ও বিজয়-২৪ ছাত্রী হলের ক্যান্টিন পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন এবং এ দুটি ছাত্রী হলের ক্যান্টিনে কোনো পুরুষ কর্মী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে চলমান যৌন হয়রানির অভিযোগের তদন্ত নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে চলতি টার্মের রেজিস্ট্রেশনের সময়সীমা ৪ আগস্ট পর্যন্ত জরিমানা ছাড়া এবং ৫ থেকে ১১ আগস্ট পর্যন্ত জরিমানাসহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ