Views Bangladesh Logo

রাজশাহীতে হামলার শিকার কৃষকলীগ নেতার মৃত্যু, তার বিরুদ্ধেই থানায় অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলায় হামলার শিকার হয়ে কৃষকলীগ নেতা কামরুল হাসান মিঠু (৪০) মারা গেছেন। ঘটনার পর তার বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। পরে মিঠুর মৃত্যু হলে ওই ব্যক্তিকেই হত্যার আসামি হিসেবে চিহ্নিত করে পুলিশ।

নিহত মিঠু মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি করিসা দুর্গাপুর গ্রামে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

পুলিশ জানায়, অভিযুক্ত মো. সাদ্দাম (২৮) নিহত মিঠুর ভাতিজা। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিজ জমিতে সেচ দিচ্ছিলেন মিঠু। এ সময় পাইপ ফেটে কিছু পানি পাশের জমিতে থাকা সাদ্দামের পেঁয়াজ ক্ষেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে মিঠুকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ আরও জানায়, শনিবার সন্ধ্যায় সাদ্দাম থানায় গিয়ে মাথায় আঘাতের চিহ্ন দেখিয়ে মিঠুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার কয়েক ঘণ্টা পরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুর মৃত্যু হয়। এরপর থেকে সাদ্দাম পলাতক রয়েছেন।

এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ