Views Bangladesh Logo

আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় মধ্যেই প্রাণ গেল কৃষক দল নেতার

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় হামলার শিকার হয়ে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন বলে দাবি করেন স্বজনরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় সেখানে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে তারা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল বের করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় প্রতিপক্ষের হামলায় রাজু গুরুতর আহত হন বলে দাবি করেন স্বজনরা।

পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, ‘রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন আমাদের কিছু করার ছিল না।’

ফরিদপুর-৪ (ভাঙ্গা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। ১০০ থেকে ১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি ও বল্লম নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন। তারা রাজু মোল্লার ওপর হামলা করেন। খবর পাওয়ার পর কৃষক দলের লোকজন গিয়ে তাদের হটিয়ে দেয়।’

অন্যদিকে, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর রাত সোয়া ১০টার দিকে জানান, নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ও উত্তেজনার কারণে রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ